কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার রাত ২টায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে এ অভিযান চালানো হয়। অপারেশন সার সুরক্ষার অংশ হিসেবে কোস্ট গার্ডের একটি জাহাজ চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।
বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়। এ সময় বোটসহ নয়জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


