‘খলনায়ক’ নিশো-চঞ্চল

‘খলনায়ক’ নিশো-চঞ্চল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নির্মাণশৈলী এবং স্টোরি টেলিংয়ে নিজস্বতা দিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা ভিকি জাহেদ এবার নাম লেখাচ্ছেন বড় পর্দায়। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খলনায়ক’। মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুর। সঙ্গে থাকছেন তমা মির্জা।

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে সিনেমার অভিনয়শিল্পীদের তালিকা। নিশো ও চঞ্চল ছাড়াও এতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, সুমন পাটোয়ারী, তুষার খান ও সেন্টুকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

প্রযোজনা প্রতিষ্ঠানের জানায়, মানুষের স্বভাব, মনস্তত্ত্ব ও তার ভেতরের নানা রহস্যকে কেন্দ্র করে এগোবে ‘খলনায়ক’-এর গল্প। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওসের প্রথম যৌথ প্রযোজনাও এটি।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন চিত্রগ্রাহক শুভঙ্কর ভার। প্রোডাকশন ডিজাইন ও শিল্প নির্দেশনায় রয়েছেন ভারতের শিবাজি পাল।

প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিকি জাহেদ বলেন, মানুষের স্বভাব ও মনস্তত্ত্বের জটিলতা এবং রহস্যকে ভিন্নভাবে তুলে ধরবে ‘খলনায়ক’। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন থেকে শুরু করে নির্মাণশৈলী সব ক্ষেত্রেই দর্শকেরা নতুনত্ব পাবেন বলে আশা তার।

আরও পড়ুন

নিশো ও চঞ্চলের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাকে আনন্দের পাশাপাশি চ্যালেঞ্জিং বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে চিত্রনাট্যের মনস্তাত্ত্বিক গভীরতাই তাকে সিনেমাটির প্রতি আকৃষ্ট করেছে বলে জানিয়েছেন আফরান নিশো। ভিকি জাহেদের গল্প বলার ধরনকে অন্যদের চেয়ে আলাদা উল্লেখ করে তিনি বলেন, ‘খলনায়ক’-এর চিত্রনাট্য শোনার পরই তার মনে হয়েছে, এটি মনস্তত্ত্বের এক আকর্ষণীয় জগৎ। দেশের অভিজ্ঞ ও প্রভাবশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাকে আনন্দের পাশাপাশি নতুন চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তিনি।

চঞ্চল চৌধুরীর কাছেও সিনেমাটিতে তার চরিত্রের জটিলতা বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। তার ভাষ্য, ভিকি জাহেদের কাজ বরাবরই গল্প বলার ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসে। ‘খলনায়ক’-এ তার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক। এ ছাড়া নিশোর সঙ্গে কাজ করার সুযোগও তাকে আনন্দিত করেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, আন্তর্জাতিক দর্শকের কাছে বাংলাদেশের সিনেমাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ‘খলনায়ক’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, বিশ্বমানের মনস্তাত্ত্বিক থ্রিলার ও প্রেক্ষাগৃহে উপভোগ করার মতো অভিজ্ঞতা উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

সিনেমাটির মুক্তির তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad