গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এ ঘটনাকে ‘ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছে।
রোববার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত শনিবার বিকালে গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জুবায়ের অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকারের ব্যর্থতা আড়াল করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তার দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে প্রতিকার চেয়েছেন জুবায়ের।
তিনি আরও অভিযোগ করেন, ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করেছেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড শপথ ভঙ্গের শামিল এবং এতে সন্ত্রাসীরা উৎসাহিত হতে পারে।
বিবৃতিতে সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং জনবান্ধব পদ্ধতিতে মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় জামায়াত।


