রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন (৪৫) নামে এক সিএনজি চালক আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আহত সিএনজি চালক টাঙ্গাইলের নাগরপুর থানার ছলিমাবাদের বাসিন্দা। তার বাবা মৃত ভোলা শেখ। তিনি বর্তমানে যাত্রাবাড়ী সিএনজি গ্যারেজ থাকেন।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এ ঘটনায় এক আহত সিএনজিচালকের শরীরের বিভিন্ন জায়গায় ককটেলের স্প্লিন্টারের আঘাত রয়েছে। তাকে শেরে বাংলা নগর থানা পুলিশ উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আহত সিএনজিচালক ঢামেকের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, দুটি ককটেল নিক্ষেপ করেছিল। তার মধ্যে একটি বিস্ফোরিত হয়। ককটেলটি সিএনজির ওপর পড়েছিল, এতে চালক আহত হয়েছেন।
ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ডিসি।
আরও পড়েন: রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১


