ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ে কাজল রেখা। তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
গত ১৮ সেপ্টেম্বর ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে কাজল রেখা ঝালকাঠি কারাগারে বন্দি ছিল।


