রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি ভ্যানিটিব্যাগে রাখা নয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-২। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।
সোমবার সন্ধ্যায় এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভ্যানিটিব্যাগে থাকা ককটেলগুলো শনাক্ত করা হয়।
পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এরপর সেগুলো নিরাপদে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


