বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাতে চব্বিশের জুলাই আন্দোলনের এই সমন্বয়ক নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মাহদী হাসান জানান, বৃহস্পতিবার রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি রাত ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তাকে বিমানবন্দর থেকে বিদেশ যেতে দেওয়া হয়নি।
তিনি দাবি করেন, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।
মাহদী বলেন, দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।
ইমিগ্রেশন পুলিশ এ তথ্য জানিয়েছে, আদালতের নির্দেশে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। স্টপ লিস্টে নাম থাকায় তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে আটক করা হয়নি।
এর আগে গত জানুয়ারিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দিয়ে আলোচনায় আসেন মাহদী হাসান।
পুলিশের হাতে আটক এক যুবককে ছাড়িয়ে আনতে শায়েস্তাগঞ্জ থানায় গেলে ওসির সঙ্গে বাগবিতণ্ডা হয় তার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাহদী ওসিকে বলেন, ‘আমরা আন্দোলন করে গভর্নমেন্ট রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন।’
‘এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই’ বলেন তিনি।


