ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে একদিন বয়সী এক ছেলে নবজাতক চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটের দিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে নবজাতক কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর কোলে আসা প্রথম সন্তানকে হারিয়ে নবজাতকের মা ও স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চুরি হওয়া নবজাতকের মা মরিয়ম (১৯)। তার স্বামী শামীম বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এটি ছিল তাদের প্রথম সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর মরিয়মকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন ৬ অক্টোবর সকালে চিকিৎসক ডা. ইশরাত হোমায়েরা নীলার তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। প্রায় চার বছর আগে বিয়ে হওয়া মরিয়ম ও শামীম দম্পতির দীর্ঘ প্রতীক্ষার পর জন্ম নেওয়া সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার আগেই এ চুরির ঘটনা ঘটল।
মরিয়মের মা মমতাজ বেগম আহাজারি করে বলেন, ‘মরিয়মকে ভুল বুঝিয়ে আমার নাতিকে চুরি করে নিয়ে গেছে। বিয়ের ৪ বছর পর নাতির মুখ দেখলাম, কিন্তু তাকে ঘরে নেওয়ার ভাগ্য হলো না।’
হাসপাতালের গাইনি বিভাগের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা জানান, অতিরিক্ত রোগী থাকায় কার কোলে বাচ্চা আছে সব সময় খেয়াল রাখা সম্ভব হয় না। তবে স্বজনদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিন ভূইয়া ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে জানান, পুলিশকে তদন্তে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন নারীকে শনাক্তসহ নবজাতকটিকে নিরাপদে উদ্ধারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম অভিযান শুরু করেছে।


