বিমানবন্দরে দেশে ফেরার পর প্রবাসী কর্মীরা যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যাতে না ঘটে, সে জন্য কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করারও সুপারিশ করে কমিটি।
বৈঠকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। তাদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন।
একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি বলে বৈঠকে জানানো হয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে আরও জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্ট এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়। বর্তমানে দেশে মোট ২ হাজার ৮৬০টি রিক্রুটিং এজেন্সি রয়েছে। এর মধ্যে ২ হাজার ১৮৭টি সচল।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


