সিঙ্গাপুরের কফি ব্র্যান্ড ম্যাককফি বাংলাদেশে আনল এসিআই বেভারেজেস। শুরুতে ম্যাককফি অরিজিনাল ও ম্যাককফি গোল্ড জার বাজারজাত করা হবে, পরে দেশে জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
বুধবার রাজধানীর বনশ্রীর ডি ব্লকে স্বপ্নের ফ্ল্যাগশিপ আউটলেটে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে এসিআই জানিয়েছে।
এসিআই ফুডস লিমিটেডের ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই বেভারেজেস সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডির সঙ্গে যৌথভাবে ম্যাককফি বাজারে এনেছে। উদ্যোগটিতে সহযোগিতা করছে মিতসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি।
ম্যাককফি বর্তমানে বিশ্বের ৬০টির বেশি দেশে বাজারজাত হয়। ব্র্যান্ডটি সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংসের অন্যতম প্রধান আন্তর্জাতিক ব্র্যান্ড।
এসিআই বেভারেজেসের যাত্রা শুরু হয় সানকুইক দিয়ে। পরে এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস যুক্ত করে পানীয় পণ্যের পরিসর বাড়ায়। দেশে গরম পানীয়, বিশেষ করে কফির বাজারে চাহিদা ও সম্ভাবনা বাড়ায় ম্যাককফি যুক্ত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
দীর্ঘমেয়াদে বাংলাদেশে ম্যাককফির উপস্থিতি আরও শক্তিশালী করতে স্থানীয় উৎপাদন শুরু করার পাশাপাশি নতুন পণ্য আনার পরিকল্পনাও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম এবং এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই উপস্থিত ছিলেন।
এম্পায়ার ইন্টারন্যাশনালের পরিচালক প্রদীপ চৌহান ও জেনারেল ম্যানেজার তান বুন হুয়া এবং মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতোও অনুষ্ঠানে অংশ নেন।
ফুড এম্পায়ার ইনস্ট্যান্ট কফির পাশাপাশি চা, হট চকোলেট ও স্ন্যাকসসহ বিভিন্ন খাদ্য ও পানীয় পণ্য বাজারজাত করে।
জাপানভিত্তিক মিতসুই অ্যান্ড কোং ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিসের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি দেশে ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।
মিতসুই ২০২৪ সালের নভেম্বরে এসিআই মোটরসে বিনিয়োগ করে। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এসিআই গ্রুপের সঙ্গে অংশীদারত্ব আরও বাড়িয়ে এসিআই লজিস্টিকসকে কনভার্টিবল ঋণ দেওয়ার ঘোষণা দেয়।
এসিআই লজিস্টিকস পরিচালিত স্বপ্নের বর্তমানে সারা দেশে ১ হাজার ১০০টির বেশি স্টোর রয়েছে।


