সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর ব্যাটারিচালিত অটোরিকশার এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ঘাস খেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ভুক্তভোগীর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি।
নিহত অটোরিকশাচালকের নাম মো. শাহাদত হোসেন (৩৮) । তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শনিবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রোববার বিকালে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ এলাকার একটি ফাঁকা মাঠের ঘাস খেতে শাহাদতের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যদের ধারণা, শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে হত্যাকাণ্ডের কারণ ও অটোরিকশাটি কোথায় রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর শাহাদতের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


