বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পুনঃসংস্কার কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। ডিসেম্বরে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই বাকি কাজ শেষ করে মাঠ বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শানিয়ান তানিম বলেন, স্টেডিয়ামের সংস্কারকাজসহ আনুষাঙ্গিক সব কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে এ জন্য তিনি কাউকে দোষারোপ করতে চান না। এখন মাঠ হস্তান্তরের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
ডিসেম্বরের শেষে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেন, ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক, সেটাই আমরা চাই। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।
তিনি আরও জানান, যেসব জায়গায় নতুন স্টেডিয়াম হয়েছে, সেসব স্টেডিয়ামই জাতীয় পর্যায়ের খেলা হওয়ার মানসম্মত। বরিশালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ক্রিকেট ফেরানোর বিষয়েও বিসিবি কাজ করছে।
শানিয়ান তানিম বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, বরিশালে আমরা বাংলাদেশের ক্রিকেট আনতে চাই। সে দিক বিবেচনা করেই আমরা কাজ করছি।’
পরিদর্শনের সময় তিনি স্টেডিয়ামের মাঠ, মাঠসংলগ্ন বিভিন্ন স্থাপনা ও সংশ্লিষ্ট ভবনগুলো ঘুরে দেখেন। সংস্কারকাজের অগ্রগতি এবং মাঠ হস্তান্তরের প্রস্তুতি সম্পর্কেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
বরিশাল স্টেডিয়ামের সংস্কার শেষ হলে সেখানে জাতীয় পর্যায়ের ক্রিকেট আয়োজনের পাশাপাশি নিয়মিত বড় পরিসরের ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


