‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল সেই বিউটি রানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল সেই বিউটি রানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক
প্রধান শিক্ষক বিউটি রানী পাল
Advertisement
Advertisement

‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও ফেসবুকে আপলোড করে আলোচনায় আসা বিউটি রানী পাল সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বুধবার তার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন বিউটি রানী পাল।

অন্য তিন শিক্ষক হলেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

উল্লেখ্য, একটি ভিডিও ঘিরে পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল আলোচনায় আসেন।

আরও পড়ুন

গত ২৩ জুলাই নিজের ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন শিক্ষক বিউটি রানী পাল। ভিডিওটিতে ‘ডিফরেন্ট টাচ’ ব্যান্ডের মেজবাহ রহমানের গাওয়া জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’র একটি অংশ—‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটিতে নেতিবাচক তথ্য জুড়ে দিয়ে তা ছড়িয়ে দেওয়া হলে তাকে কেন্দ্র করে সাইবার বুলিং ও ট্রল শুরু হয়। এক পর্যায়ে ভিডিওটি সরিয়ে নেন বিউটি রানী।

সাইবার বুলিংয়ের এই ঘটনা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে এগিয়ে আসেন দেশের নারী শিক্ষকরা। ট্রলের প্রতিবাদে ওই একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও যুক্ত করে ফেসবুক রিল আপলোড শুরু করেন তারা। এই উদ্যোগ দ্রুতই এক অভিনব প্রতিবাদ ও সংহতির রূপ নেয়। পরে শিক্ষক সমাজের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য নারী ও পুরুষ সংহতি জানিয়ে একই গানের ভিডিও ফেসবুকে শেয়ার করতে শুরু করেন।

সমালোচনার মুখে পড়ার পরও পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশবাসী, পরিবার এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শিক্ষক বিউটি রানী।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিউটি রানী পাল ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন। এর আগেও তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক নির্বাচিত হন। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জনপ্রিয় এই শিক্ষক আনন্দঘন পরিবেশে পাঠদান, শরীরচর্চা, নাচের ছন্দে গণিতের চিহ্নসহ পাঠ্যবইয়ের কঠিন বিষয় সহজ করা এবং বৃক্ষরোপণের মতো সৃজনশীল ও শিক্ষামূলক ভিডিও নিয়মিত ফেসবুকে আপলোড করে আসছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad