উখিয়ার সমুদ্রসৈকতে ভেসে এল ৩ মরদেহ

উখিয়ার সমুদ্রসৈকতে ভেসে এল ৩ মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে একজন এবং মনখালী সমুদ্রসৈকত থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে একটি মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে বেলা ৩টার দিকে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর আসে। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করেন।

ওসি আরও বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

পুলিশ জানায়, মনখালী সমুদ্রসৈকত থেকে উদ্ধার হওয়া দুটি মরদেহ কাছাকাছি এলাকায় পড়ে ছিল। তবে তাৎক্ষণিকভাবে তিনজনের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি আতিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার টেকনাফের বাহারছড়া উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। উদ্ধার হওয়া মরদেহগুলো ওই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কারও হতে পারে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।’

পুলিশ ও কোস্ট গার্ডের তথ্যমতে, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে এক নারী ও এক শিশু মারা যান। পরে কোস্ট গার্ড ও স্থানীয় লোকজন কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় আরও একজন নারী নিখোঁজ থাকার কথা জানিয়েছিল পুলিশ।

উখিয়া থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিন মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad