দেশে কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি বলেন, ‘সাত মাস হলো বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে।’
বুধবার বিকালে মধুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ মন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশে আওয়াম লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
এর আগে মন্ত্রী ফকির মাহবুবের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না প্রমুখ।
শিক্ষক মিছিলে উপজেলা ও পৌর যুবদলের নেতারা ছাড়াও বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


