ডেঙ্গু রোধসহ চিকিৎসাব্যবস্থার মান উন্নয়নে নজর বাড়ানোর সুপারিশ

ডেঙ্গু রোধসহ চিকিৎসাব্যবস্থার মান উন্নয়নে নজর বাড়ানোর সুপারিশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিভিন্ন ধরনের টিকার বর্তমান মজুত পরিস্থিতি পর্যালোচনা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে আরও নজর দেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর জনবল, পরিচিতি, কার্যাবলি, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, স্যাটেলাইট ক্লিনিক জোরদার করা এবং সর্বোপরি চিকিৎসাব্যবস্থার মান উন্নয়নের প্রতিও অধিক সচেতন থাকার জন্য কমিটি সুপারিশ করেছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত থাকা এবং ‘ফ্যাসিস্টদের কার্যক্রমের প্রতি সজাগ’ থাকার পরামর্শ দেওয়া হয়।

হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণেরও পরামর্শ দিয়েছে কমিটি।

আরও পড়ুন

বৈঠকে জানানো হয়, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়ানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার এবং ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

আলোচনায় জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা এবং হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। শিশুদের সুচিকিৎসার জন্য ‘শিশু স্বর্গ’ নামের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

এ ছাড়া চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad