চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার
Advertisement
Advertisement

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে (১৩) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

রাতুল ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘মিস ইউ মা’ লেখা একটি স্ট্যাটাস দেখা যায়। বিষয়টি পরিবারের নজরে এলে তাদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

আরও পড়ুন

পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল কাজ শুরু করে।

পুলিশ জানায়, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্তকৃত অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad