রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার বন্ধু রবিউল ইসলাম (২০) আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন। আহত রবিউলকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। আহত রবিউল তৈরি পোশাক ব্যবস্থার সঙ্গে জড়িত। তারা রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় থাকতেন।
সুমনের বন্ধু রাকিব জানান, রাতে সুমন মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পথচারীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


