সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে পরিবহন মালিকদের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে জরিমানার ব্যবস্থা থাকবে এবং ভবিষ্যতে রুট পারমিট দেওয়ার ক্ষেত্রেও জবাবদিহি করতে হবে বলে জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নতুন নির্ধারিত বাস ভাড়ার প্রজ্ঞাপন মঙ্গলবার প্রকাশ করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, গেজেট প্রকাশের পর থেকে তা কার্যকর হবে।
রবিউল আলম বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে জ্বালানির দাম বাড়ানোর বাধ্যবাধকতা তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ভাড়া সমন্বয়ের প্রচলিত প্রক্রিয়ায় প্রতি লিটার জ্বালানির দাম ১ টাকা বাড়লে কিলোমিটারে ১ পয়সা ভাড়া বাড়ানোর হিসাব করা হয়।
মন্ত্রী জানান, এর আগে লিটারপ্রতি জ্বালানির দাম ১৫ টাকা বাড়ার পর পরিবহন মালিকেরা ১৫ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করলেও ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার লিটারপ্রতি জ্বালানির দাম ২০ টাকা বাড়ায় প্রচলিত হিসাব ও মেইনটেন্যান্স ব্যয় বিবেচনায় ২০ পয়সা ভাড়া বৃদ্ধির দাবি ছিল মালিকদের। তবে সরকার ২০ পয়সার পরিবর্তে ১৭ পয়সা ভাড়া নির্ধারণ করেছে।
তিনি বলেন, ডলারের দাম বাড়ায় গাড়ির যন্ত্রাংশের দাম ও পরিবহন খাতের ব্যবস্থাপনা ব্যয় বেড়েছে। তবে সরকার জনস্বার্থ বিবেচনায় ভাড়া সমন্বয় করেছে।
ইতোমধ্যে বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগেরবার ১১ পয়সা ভাড়া বাড়ানোর পর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হয়নি। এবারও ১৭ পয়সার বেশি নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দেশের পরিবহন খাত সব সময় নীতিমালা অনুযায়ী চলে না উল্লেখ করে তিনি জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল ও জরিমানা করা হবে।
একই সঙ্গে রেলে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, আগামী পরশুর বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে এবং একই দিন লঞ্চমালিকদের সঙ্গেও আলোচনা করা হবে।


