তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের

তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের
স্পিকারের কার্যালয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল-গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং কূপ খননের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

স্পিকার বলেন, ইতালি বাংলাদেশের সশস্ত্র প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ইতালির বিভিন্ন মেশিনারি ও যন্ত্রপাতি বাংলাদেশের বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। ইতালি ও বাংলাদেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও কৌশলগতভাবে বিস্তার লাভ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ইতালির পুরোনো বন্ধু। দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতির বিস্তারে ইতালির সরকার আগ্রহী।

আরও পড়ুন

দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকপণ্য প্রতি বছর প্রচুর পরিমাণে ইতালিতে রপ্তানি হয়ে থাকে। স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ গন্তব্য।

বৈঠকে চলমান রোহিঙ্গা সংকট সমাধান নিয়েও আলোচনা হয়। স্পিকার বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রতি বছর ইতালি সরকার বাংলাদেশকে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে।

এ সময় বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও আইনগত মাইগ্রেশন নিয়েও কথা হয়। স্পিকার বলেন, বাংলাদেশের অভিবাসীদের জন্য ইতালি সবসময় উদারতা দেখিয়ে আসছে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও আইনগত মাইগ্রেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বৈঠকে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad