রাজধানী ঢাকার মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার সকালে পল্লবী থানার সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনে আগুন লাগে। দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-কমিশনার মো. মোস্তাক সরকার।
এ ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের এক পাশে আগুনের ঘটনা ঘটে। বাসটি পার্কিং করা ছিল। সকাল সোয়া ৭ টার থেকে সাড়ে ৭টার মধ্যে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শনিবার রাতের বিভিন্ন সময়ে কদমতলীতে একটি, মিরপুরে দুটি ও মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগে।


