চাকরিচ্যুতদের ওপর হামলা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চাকরিচ্যুতদের ওপর হামলা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে চাকরিচ্যুতদের বিক্ষোভ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকায় ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর গ্রাহক ফোরামের নামে হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরের কর্ণফুলী এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সমাবেশ থেকে হামলার প্রতিবাদ জানিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা।

অবরোধকারীদের একজন জানান, ঢাকায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করছিলেন। সেখানে গ্রাহক ফোরামের নামে তাদের ওপর হামলা করা হয়েছে। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।

তিনি বলেন, ‘আমরা সবাই মজলুম। ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের চাকরিতে ফিরিয়ে নিতে হবে। চাকরি হারিয়ে আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছি।’

আরও পড়ুন

অবরোধে অংশ নেওয়া ব্যাংকের অফিস সহকারী পদমর্যাদার এক কর্মী বলেন, ‘আমাদের কোনো দোষ ছিল না। আমরা ব্যাংকের কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না। আমাদের উঠতে বলা হলে উঠেছি, বসতে বলা হলে বসেছি। এখন আমাদের পরিবারের বিষয়টি বিবেচনা করে চাকরিতে পুনর্বহাল করা হোক।’

আন্দোলনকারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ঢাকায় তাদের ওপর হামলার ঘটনায় সেই ক্ষোভ আরও বেড়েছে।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল ব্যাহত হয়। সন্ধ্যার পর থেকে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্দোলনকারীরা অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল ব্যাহত হয়। তবে এখন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তাদের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর