দুই মাসের মধ্যে থানা ও সরকারি দপ্তর থেকে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের ফেরত দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহায়তা করলে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
সোমবার চট্টগ্রামের বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে ও তার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে। ১৫ নভেম্বর পর্যন্ত থাকবে এই সুযোগ। তবে এরপর একই ধরনের কোনো অস্ত্র বা গোলাবারুদ কারও হেফাজতে পাওয়া গেলে তা আর স্বেচ্ছায় ফেরত দেওয়ার সুযোগ হিসেবে বিবেচিত হবে না। তখন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের ঘোষণা অনুযায়ী, হারানো রাইফেল, সাবমেশিনগান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি) ও স্নাইপারের সন্ধান দিয়ে উদ্ধারে সহায়তা করলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। শটগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে পুরস্কার ৫০ হাজার টাকা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা পুরস্কার দেওয়া হবে।
র্যাব-৭-এর অধিনায়ক বলেন, সরকারি অস্ত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাধারণ সম্পত্তি নয়। এগুলো রাষ্ট্রের সম্পদ এবং আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার কাজে ব্যবহৃত হয়। এসব অস্ত্র অপরাধী বা দুষ্কৃতকারীদের হাতে গেলে তা জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।
তিনি বলেন, হারানো অস্ত্র উদ্ধারে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী র্যাবের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ।


