সিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর পুলিশ অভিযানে পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক মো. হেদায়াত ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং সিরাজগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সোহান শেখ ওরফে সুজনের নেতৃত্বে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি কিছুক্ষণ পর ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনার পর রাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মিছিলের নেতৃত্ব ও অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


