রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
বুধবার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ৪৫ জন, আদাবর থানায় ২০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ৫ জন রয়েছেন। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও আটক করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।


