সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আফগানিস্তান।
আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হবে। এরপর ১৯ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান, ২১ অক্টোবর আফগানদের প্রতিপক্ষ বাংলাদেশ। সিরিজের ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর।
এই ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর, ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজের পর দল দুটি দুই ম্যাচের একটি টেস্ট সিরিজে অংশ নেবে। এর মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ নভেম্বর।
ত্রিদেশীয় এই সিরিজ শুরু হওয়ার আগেই বাংলাদেশের আরেকটি ম্যাচ রয়েছে। আমিরাতের মাটিতেই আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশ একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানিয়েছেন, এই সফর তার দলের খেলোয়াড়দের ক্রিকেটের তিন সংস্করণেই মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।
মাকোনি বলেন, ‘জিম্বাবুয়ের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়েরা তিন ফরম্যাটেই উচ্চমানের ক্রিকেট খেলার সুযোগ পাবে।’
তিনি আরও যোগ করেন, ‘ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি দুটি শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের সক্ষমতা পরীক্ষা করবে। তাছাড়া, আমরা যেহেতু বড় সংস্করণের ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ খুঁজছি, তাই এই দুটি টেস্ট ম্যাচ আমাদের জন্য বিশেষভাবে মূল্যবান।’
এই পুরো ক্রিকেট সূচির আয়োজন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান মাকোনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, ‘বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা আমাদের ক্রিকেটারদের জন্য দারুণ প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করবে। আমাদের সমর্থকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের একটি উপভোগ্য সময় উপহার দেবে।’
তিনি আর বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের সুসম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করি। এই গুরুত্বপূর্ণ সিরিজগুলো বাস্তবে রূপ দিতে তাদের সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’


