রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-২। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বসিলা রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের প্রধান মো. লিমন ওরফে রিমনসহ (২০) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার আলাদা অভিযানে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি, ছিনতাই ও ডাকাতির তিনটি এবং তিনটি জিআর মামলা রয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা রোড সংলগ্ন তিন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে লিমন ওরফে রিমন, মো. ইমন (২২), মো. রুবেল (২৬), আকাশ আরাফাত ছাইফ (২২) ও মো. সোহেল ফরাজীকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার পাঁচজনই মোহাম্মদপুর থানায় একাধিক মামলার আসামি। তারা ওই এলাকায় ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
লিমন ওরফে রিমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি ও একটি জিআর মামলা, ইমনের বিরুদ্ধে ডাকাতির একটি ও একটি জিআর মামলা এবং রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি ও একটি জিআর মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-২।


