ঝালমুড়ির ভ্যান ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ইউনুসের

ঝালমুড়ির ভ্যান ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ইউনুসের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা ইউনুস আলীর (৪৮) মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টার দিকে শহরের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রহমত আলীর ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোরে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস। এ সময় ঘরের পাশে থাকা ঝালমুড়ি বিক্রির ভ্যানটি স্পর্শ করতেই তিনি বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, ইউনুস আলীর ঘরের ওপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে। ওই লাইনের একটি তার ছিঁড়ে কখন ভ্যানের ওপর পড়ে, তা পরিবারের সদস্যরা বুঝতে পারেননি। ভ্যানটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে মারা যান ইউনুস।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর