ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেয়াবাগান নামক স্থানে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশ্যে রওনা করে। ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। আহত হন অন্তত ২০ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে ৫ জন চিকিৎসাধীন। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও সেবাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার বাসটির উদ্ধারকাজ চলমান রয়েছে। আহত যাত্রীদের অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ৪/৫ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


