বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি আলবার্টা শাখার উদ্যোগে ক্যালগেরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কানাডার স্থানীয় সময় মঙ্গলবার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ক্যালগেরিতে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে তারা নিজেদের মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৪৮ বছরের পথচলায় বিএনপি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে আন্দোলন-সংগ্রাম করে আসছে। নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এগিয়ে যাচ্ছে।
বক্তারা বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসের মাটিতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলবার্টা বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ঐক্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের এক মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা কেক কেটে পরস্পরকে শুভেচ্ছা জানান। দেশের কল্যাণ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক অগ্রগতির প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


