সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন শ্যামনগর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। উপজেলার নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে উদ্ধার করা সাপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি।
বুধবার সকাল ৯টার দিকে নীলডুমুর গ্রামের আতিয়ার রহমান গাজীর ছেলে মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি গহীন বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগর সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। এ সময় অজগরটি মুরগির ঘরে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে। এ সময় অজগরটি ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে বলে জানান বাড়ির মালিক মুক্তার গাজী।
মুক্তার গাজী আরও জানান, রাতের কোনো এক সময় মুরগির ঘরের মধ্যে অজগরটি ঢুকে পড়ে। সকালে তারা দেখেন মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চ জ্বালিয়ে ঘরের ভেতরে থাকা অজগরটি তারা দেখতে পান। বিষয়টি তখনই বন বিভাগ ও সিপিজির সদস্যদের জানানো হয়। খবর পেয়ে, বন বিভাগ ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটিকে কলাগাছিয়া থেকে কিছুটা দূরে গহীন বনে, নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এস ও) এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার শেষে, সেটিকে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই লোকালয়ে অজগর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী চলে আসার ঘটনা ঘটে। খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব বন্যপ্রাণী কখনো কখনো লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি তিনি আহ্বান জানান।


