জামালপুরে ইজিবাইকের ওপর উল্টে পড়ল বাস, নিহত ৪

জামালপুরে ইজিবাইকের ওপর উল্টে পড়ল বাস, নিহত ৪
দুর্ঘটনা কবলিত ইজিবাইক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরের লাহিড়ীকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং বাইটকামারী এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এতে দুই যানবাহনের যাত্রী ও আরোহীরা চাপা পড়েন।

আরও পড়ুন

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর