বিমানবন্দরে ছিনতাই: রিমান্ড শেষে কারাগারে ছাত্রদল নেতা 

বিমানবন্দরে ছিনতাই: রিমান্ড শেষে কারাগারে ছাত্রদল নেতা 
বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন-বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।

এক দিনের রিমান্ড শেষে সোমবার তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সাব্বির হোসেন। এ সময় তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন তিনি। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আব্দুর রহমান জামিনের আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আদালতের বাইরে আসামি ও বাদীপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। আসামিরা জামিন পেলে পালিয়ে যাবেন না। মামলার বাদী মো. সুমনও আদালতে আসামিদের জামিনে আপত্তি নেই বলে জানান।

তবে রাষ্ট্রপক্ষে এসআই আবু বকর ছিদ্দিক জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘এটি দস্যুতার মামলা। আসামিদের কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আসামিদের জামিনের তীব্র বিরোধিতা করছি।’

আরও পড়ুন

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

গত ২৯ আগস্ট বিমানবন্দর থানায় ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন মো. সুমন।

এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন ২৮ আগস্ট মালয়েশিয়া প্রবাসী কাউসার তার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে দেশে পাঠান। বিমানবন্দরে ওই স্বর্ণালংকার গ্রহণ করেন কাউসারের ছোট ভাই মো. সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী।

রাত ৮টার দিকে তারা বিমানবন্দর এলাকা থেকে ভাড়া করা একটি হায়েস গাড়িতে করে যাচ্ছিলেন। বলাকা ভবনের বিপরীতে পৌঁছালে আসামিরা গাড়িটির গতিরোধ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোক পরিচয় দিয়ে বোমা মেরে দেওয়ার ভয় দেখান। পরে সুমন ও রোহানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বিমানবন্দর থানায় দস্যুতার মামলা করা হয়।

আরও পড়ুন>>>

ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বহিষ্কার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর