বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি নানা রাজনৈতিক চড়াই-উতরাই, আন্দোলন-সংগ্রাম ও পরিবর্তনের মধ্য দিয়ে ৪৮ বছরে পা রাখছে। এ উপলক্ষে এবার পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এসব কর্মসূচি পালনের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করা হবে।
দলীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী দলটির পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে। দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলটির ঘোষণায় জানানো হয়েছে। দলের সিনিয়র নেতাদের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
যেভাবে যাত্রা শুরু
বিএনপির প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ওইদিন ঢাকার রমনা ময়দানে জিয়াউর রহমান বিএনপি গঠনের ঘোষণা দেন। দলটির প্রথম মহাসচিব ছিলেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রতিষ্ঠার সময় বিভিন্ন রাজনৈতিক মত ও ধারার নেতাকর্মীদের সমন্বয়ে দলটি গড়ে ওঠে।
বিএনপির নিজস্ব তথ্য অনুযায়ী, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির কথা তুলে ধরে দলটি তার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়।
প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের নেতৃত্বে আসেন বিচারপতি আব্দুস সাত্তার। পরবর্তী সময়ে খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।
৪৮ বছরে বিএনপির রাজনীতি
দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। দলটির রাজনীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট ইতিমধ্যে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ নানা কর্মসূচির প্রস্তুতি নিয়েছে।
দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে নেতাকর্মীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন জিয়াউর রহমান। তার নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশ পরিচালনার নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। তার মৃত্যূর পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি পরিচালিত হয়েছে।’
তিনি বলেন, ‘এক সময় ম্যাডামকে নিয়েই আমাদের ব্যস্ততা ছিল। তাকে এক নজর দেখার জন্য দলের নেতাকর্মীরা, আমরা রাস্তায় লাইন ধরে দাড়িয়ে থাকতাম। গত ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেছেন। এবার তিনি নেই। বেদনা বিদুর হলেও তার উত্তরসুরি দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে।’
ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘সারা দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ পরিচালনা করছেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্বেই বিএনপি সামনে এগিয়ে যাচ্ছে। আমরা বিএনপিকে আরও সুসংগঠিত করব।’


