মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলে কাঁচা বাজার, মুদি ব্যবসায়ী, মাছ ও মাংস ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছেন। অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ করে দিয়েছেন তারা। ফলে সকাল থেকেই বড় বজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতা এবং কৃষকরা।
মেহেরপুরের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘খাজনা জটিলতা নিরসনে জেলা প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেছি। তারা কোনো সমাধান দেননি। পরে সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়েও কোনো কাজ হয়নি।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘প্রতিটি পণ্যের উপর তারা খাজনা নিতে চাচ্ছেন। ১০ থেকে ২০গুণ বেশি হারে খাজনা নিচ্ছেন। এরই প্রতিবাদ করছি আমরা। আমরা চায় এর সুষ্ঠু সমাধান।’ সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও তিনি জানান।
এদিকে জেলার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এ বাজারে নিয়ে আসেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে ভিড় জমান। সেসব পণ্য কিনে নিয়ে যান ক্রেতারা। বর্তমানে বাজার বন্ধ থাকায় কৃষকদের উৎপাদিত সবজি বিক্রি করতে সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। এতে তারা লোকসানের মুখে পড়তে পারেন।
বাজারের ইজারাদার সাদাত হোসেন বুড়োর দাবি, সরকার নির্ধারিত মূল্যের চাইতে তারা এক টাকাও বেশি নিচ্ছেন না। বরং তিন দফায় পরিবর্তন করে খাজনা কমানো হয়েছে।
অন্য ব্যবসায়ী নেতারা বলছেন, এই বাজারে প্রতিদিন অন্তত সাত থেকে আট কোটি টাকা কেনা-বেচা হয়। যা এখন বন্ধ রয়েছে।


