গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়োগপত্র দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী নিজে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে আহত দৃষ্টিশক্তিহীন আলাল আহমেদ, নিহত আলভীর বাবা মো. আবুল হোসাইন, নিহত আহনাফের মা জারতাজ পারভীন, আহত কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমসহ আরও অনেকে নিয়োগপত্র পেয়েছেন।
নিয়োগপত্র গ্রহণের পর ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, নিহত আনভীর বাবা মমতাজ হোসেন, নিহত আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই অভ্যুত্থানে আহত কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা একই সঙ্গে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামিরসহ ‘বিএনপি আমার পরিবার’-এর সদস্যরা উপস্থিত ছিলেন।


