‘শিক্ষার সঙ্গে মানবিকতা ও দেশপ্রেম গড়তে হবে’

‘শিক্ষার সঙ্গে মানবিকতা ও দেশপ্রেম গড়তে হবে’
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শুধু বই পড়ে জ্ঞান অর্জন বা বড় ডিগ্রি পেলেই প্রকৃত মানুষ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, শিক্ষার সঙ্গে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বই। বই মানুষকে অতীতের কাছে নিয়ে যায়, বর্তমানকে বুঝতে শেখায় ও ভবিষ্যতের পরিকল্পনায় সহায়তা করে।’

তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে তরুণদের দক্ষ ও যোগ্য হতে হবে। বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই দেশ এগিয়ে যাবে।

আরও পড়ুন

প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তি কার্যকর সেবক হলেও বিপজ্জনক প্রভু হয়ে উঠতে পারে।’ তাই বই পড়ার পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার শেখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের স্বাধীনতায় অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও আধুনিক জ্ঞানে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক।

বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৮ বছর ধরে দেশব্যাপী বইপড়া কর্মসূচি পরিচালনা করছে। বর্তমানে প্রায় ১ হাজার ৪০০ মাধ্যমিক বিদ্যালয়ের দেড় লাখ শিক্ষার্থী এতে যুক্ত। ২০২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম নগরের ১০১টি বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। কৃতিত্ব অর্জনকারী ৫ হাজার ৮৯৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন খানসহ শিক্ষক, অভিভাবক, বিশিষ্টজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad