নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
ঘটনার পর আহতদের সবাই কানে কম শুনতে পাচ্ছেন বলে জানা গেছে। বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।
মৃত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন—একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সকলেই মৎস্যজীবী।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, রতনসহ বাকি তিনজন একটি নৌকায় করে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন। বুধবার ভোররাতে হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় কলমাকান্দা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন জানান, বজ্রপাতে মৃতের সৎকারের জন্য তার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।


