যশোর শিক্ষা বোর্ডের পুনঃতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে তাকে বরখাস্ত করা হয়। বিদ্যালয়ের সভাপতি শাহ মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের পুনঃতদন্তে মালেক গাজীর বিরুদ্ধে কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে ত্রুটিপূর্ণ নিয়োগ ও যোগদান, রয়েল ইউনিভার্সিটি থেকে অর্জিত বি.এড সনদে ত্রুটি, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাসের আগে বিধিবহির্ভূতভাবে সিনিয়র স্কেল গ্রহণ, সেকায়েপের অর্থ বণ্টনে নীতিমালা লঙ্ঘন, বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত শাখা খোলা ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং কিশোরী টয়লেট ও কমফোর্ট জোন বন্ধ রাখা।
যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থা গ্রহণের চিঠি এবং ৯ আগস্ট এডহক কমিটির বিশেষ সভার সিদ্ধান্তের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বরখাস্তের বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপিল অ্যান্ড আরবিট্রেশনে আবেদন করা হবে কিনা এ বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে সরকারি বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক হারে খোরাকী ভাতা পাওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকতে এবং পাঁচ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহকারী প্রধান শিক্ষকের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি শাহ মো. কামরুজ্জামান প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


