ঢাকার ডেমরা এলাকায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সিটিটিসি জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে গ্রেপ্তার জুয়েল ওরফে ওস্তাদের কাছ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। ডেটোনেটিং কর্ড ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে পাইপবোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।
সিটিটিসি আরও জানিয়েছে, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত এ অভিযানে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


