কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহসভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতন। রুবেল বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
শনিবার সকালে তাদের কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশের কুচিয়ামোড়া বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে দুই ভাইয়ের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। তাদের নেতৃত্বে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়েছে। পরে বিচারিক প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।’


