জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই-গ্রাফিতিগুলোর রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত বিভিন্ন স্থানে রংকরণ ও পুনর্লিখনের কাজ চলবে। নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা এ কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো ক্ষমতাচ্যুত সরকারের শাসনের স্মৃতিচিহ্ন বহন করছে। জনমনে সেই সময়ের নির্যাতন-নিপীড়নের স্মৃতি জাগিয়ে রাখতে এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল। সে সময় দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো শেখ হাসিনার শাসনামলের নিপীড়ন ও গণঅভ্যুত্থানের ইতিহাস ধারণ করে আছে। ভবিষ্যৎ প্রজন্ম এসব গ্রাফিতির মাধ্যমে সেই সময়ের স্মৃতি জানতে পারবে এবং ফ্যাসিবাদবিরোধী চেতনা ধারণ করবে।
উপাচার্য ভবিষ্যতে দেশে যেন আর ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যহীন সমাজ গঠনে বর্তমান সরকারের উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাং, আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অমর একুশে হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত থাকবেন।
এ ছাড়া, একই উপলক্ষে অণুজীব বিজ্ঞান বিভাগ গত ২৯ জুলাই ‘জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরেন। সেখানে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবদুল করিম, অণুজীব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মু. মনজুরুল করিম এবং ছাত্র উপদেষ্টা সামিনা মমতাজ বক্তব্য দেন।


