দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৩৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭০ জনে এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৫ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮০ জন এবং অন্যান্য বিভাগে ২৯৫ জন ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (মহানগর ব্যতীত) ১৩৩ জন, বরিশালে ৬৮, খুলনায় ৫৪, চট্টগ্রামে ৫১, রংপুরে ৩৩, ময়মনসিংহে ১৯, রাজশাহীতে ১৬ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত ঢাকা বিভাগে ৪ হাজার ২৫৬ জন, বরিশালে ২ হাজার ৭৩৯, চট্টগ্রামে ১ হাজার ৯৯৩ এবং খুলনা বিভাগে ১ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে ২০ জন এবং অন্যান্য বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের জুলাই মাসের পরিসংখ্যানে দেখা গেছে, শুধু এই মাসের প্রথম ২২ দিনেই সর্বোচ্চ ৫ হাজার ৪৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ২০ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে জুন মাসে ২ হাজার ৯০৭ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু হয়।
মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৬৪ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ২ শতাংশ নারী। তবে মৃতদের মধ্যে নারীর সংখ্যা বেশি (৬০ দশমিক ৫ শতাংশ)।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ১ হাজার ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, যা মোট রোগীর ৯০ শতাংশের বেশি।


