রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় ঢুকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে হানিফ কোম্পানির বাড়িতে এই হামলা হয়। সিসিটিভি ফুটেজ দেখে চারজনকে চিহ্নিত করে মোহাম্মদপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
চিহ্নিত বিবাদীরা হলেন মো. হেলাল, মো. মুন্না, মো. শাওন ও মো. রায়হান।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে মাস্ক পরা আট থেকে দশজন দেশীয় অস্ত্র নিয়ে আবু বক্করের ঘরে ঢোকে। তারা আবু বক্করকে বলে, ‘তুই শালা আওয়ামী লীগ করতি। আওয়ামী লীগের সময় অনেক টাকা পয়সা কামাইছো, এখন আমাগো কিছু দে।’ বাড়ির অন্যান্য ভাড়াটিয়া এগিয়ে এলে হামলাকারীরা সামুরাই দিয়ে ভয় দেখায়। তাদের হাতে ও পিঠে সামান্য আঘাত করে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
আহতরা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তারা মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন।


