কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় তিনটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুর ও বিকালে উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, সদর ইউনিয়নের রাজারছড়া উপকূলসংলগ্ন সাগর থেকে পৃথকভাবে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিনজনই নারী।
টেকনাফ থানার ওসি বলেন, ‘মরদেহগুলো দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে অর্ধগলিত ছিল। সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনের মরদেহটি আনা সম্ভব হয়নি। শাহপরীর দ্বীপের মরদেহটি টেকনাফ পৌরসভার মাধ্যমে দাফন করা হয়েছে। রাজারছড়া থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে। তদন্ত ও পরিচয় শনাক্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’
পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


