কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মোহাম্মদ সাজেদ (১২) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কোনাপাড়া সংলগ্ন ফুলেশ্বরী খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাজেদ একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুবিন জানান, গত কয়েকদিনের ভারী ও অতিভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলেশ্বরী খালে প্রবল স্রোতের সৃষ্টি হয়। বুধবার বিকালে স্থানীয়দের সঙ্গে সাজেদও ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করছিল। একপর্যায়ে উজান থেকে নেমে আসা প্রবল স্রোতের টানে সে ভেসে যায়।
তিনি আরও বলেন, ‘ঘটনার পর উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে স্বজনরাও ফুলেশ্বরী খালের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। কিন্তু রাত সাড়ে ১১ টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
রামু ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘পাহাড়ি ঢলের প্রবল স্রোতে এক কিশোর ভেসে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খোঁজাখুঁজি করেছে। তবে তীব্র স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবারকে ফায়ার সার্ভিসে বিষয়টি জানিয়ে উদ্ধার অভিযান পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশও উদ্ধার অভিযান পরিচালনা করছে।’


