ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বিডির শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিক্ষোভে শ্রমিকরা সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন বাস্তবায়ন এবং কোম্পানির কর্মকর্তা মামুনের অপসারণসহ বিভিন্ন দাবি জানান। ব্যানার-ফেস্টুন নিয়ে তারা স্লোগানও দেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তারা সরকারি গেজেট অনুযায়ী বেতন পাচ্ছেন না এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। একাধিকবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে মালিকপক্ষের সঙ্গে দাবিগুলো নিয়ে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। দুপুর ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মণিষা রানী কর্মকার বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে।


