জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংগঠন হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘অপরাধের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বলেই তো তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই। তদন্ত শেষ হওয়া তো সময়ের ব্যাপার।’
মঙ্গলবার টাইমস অব বাংলাদেশকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দলগতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে, সুপরিয়র রেসপনসিবিলিটি আছে; সব বিষয় নিয়েই তদন্ত চলছে।
এর আগে রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বিচারের লক্ষ্যে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে।
গত ৪ জুলাই, রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে, তদন্ত চলছে এবং শিগগিরই আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরদিন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সামনে তদন্তের অগ্রগতি এবং বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।


