শুরুতে পিছিয়ে পড়ে এবং ভিএআরের ধাক্কা খেয়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ডেমোক্রাতিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। রোববার ফিফা বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি ‘সেরা তৃতীয়’ দলগুলোর একটি হয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে পা রাখল তারা।
মিয়ামির মাঠে নকআউটের টিকিট পেতে জয়ের বিকল্প ছিল না ডিআর কঙ্গোর। তবে ম্যাচের ১০ মিনিটের মাথায় এল্দর শোমুরোদভের গোলে উল্টো লিড নেয় উজবেকিস্তান। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া কঙ্গো ১৭ মিনিটে নাথানিয়েল এমবুকুর দারুণ এক শটে সমতা ফিরিয়েছিল। কিন্তু আক্রমণ শুরুর সময় নাথানায়েল এমবুকুর হাত উজবেকিস্তানের শেরজোদ নাসরুল্লায়েভের মুখে আঘাত করায় ভিএআর পরীক্ষার পর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে গতিময় ও রোমাঞ্চকর প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কঙ্গো।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের চিত্র বদলে দেয় কঙ্গো। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ইওয়ান উইসা। আবদুকোদির খুসানোভের ভুলেই পেনাল্টি পায় কঙ্গো; ক্রসে পা বাড়াতে গিয়ে তিনি ইয়োয়ানে উইসার পায়ে আঘাত করেন।
সমতায় ফেরার পর কঙ্গো এগিয়ে যায় ৭৮ মিনিটে। দুর্দান্ত এক গোল করে আফ্রিকান দলটিকে লিড এনে দেন ফিস্তন মায়েলে। এই গোলের রেশ কাটতে না কাটতেই যোগ করা সময়ের প্রথম মিনিটে ডিআর কঙ্গোর হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইওয়ান উইসা।
ডিআর কঙ্গো ম্যাচ জিতে সমীকরণ নিজেদের পক্ষে আনলেও এই গ্রুপের শীর্ষস্থানের লড়াই এখনো উন্মুক্ত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে কলম্বিয়ার জন্য শুধু একটি ড্র-ই যথেষ্ট। অন্যদিকে, কলম্বিয়াকে টপকে টেবিলের শীর্ষে উঠতে হলে পর্তুগালকে অবশ্যই জয় পেতে হবে।


