বিশ্বকাপ মিশন ব্যর্থ হওয়ার পরপরই স্কটল্যান্ডের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভ ক্লার্ক। গ্রুপ পর্বে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করায় নকআউটে ওঠার জন্য ‘সেরা তৃতীয়’ দলগুলোর সমীকরণের দিকে তাকিয়ে ছিল স্কটল্যান্ড। কিন্তু শনিবার রাতে অন্য গ্রুপে ঘানা ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতেই সব আশা শেষ হয়ে যায় স্কটিশদের। আর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন এই স্কটিশ কোচ।
সমর্থকদের উদ্দেশে লেখা এক আবেগঘন বার্তায় বিদায়ী কোচ স্টিভ ক্লার্ক বলেন, ‘এই বিদায়ের সবচেয়ে আবেগপূর্ণ অংশটি হলো আমার খেলোয়াড়রা। তারা না থাকলে ২০১৯ থেকে আজ পর্যন্ত আমরা এত এত মধুর স্মৃতি জমা করতে পারতাম না। তারা সব প্রশংসা ও ভালোবাসার যোগ্য। তাদের ‘গ্যাফার’ (কোচ) হতে পারাটা আমার জন্য সত্যিই অনেক বড় সম্মানের ছিল। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার উত্তরসূরির জন্য শুভকামনা।’
এবারের বিশ্বকাপে বোস্টনে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল স্কটল্যান্ড। কিন্তু এরপর মরক্কোর বিপক্ষে ১-০ এবং শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে ৩-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে যায় তারা। গত বুধবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেও স্কটল্যান্ড সুবিধাজনক অবস্থানে ছিল। কিন্তু রক্ষণভাগের কিছু মারাত্মক ভুলে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে তারা, যা শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়।
১৯৯৮ সালের বিশ্বকাপের পর স্কটল্যান্ড কোনো বড় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা পাচ্ছিল না। ঠিক সাত বছর আগে ২০১৯ সালে ক্লার্ক যখন দায়িত্ব নেন, তখন স্কটিশ ফুটবলে চলছিল চরম খরা। তার অধীনেই দীর্ঘদিনের খরা কাটিয়ে স্কটল্যান্ড দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার পাশাপাশি চলতি বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। তবে বাছাইপর্বে দারুণ সাফল্য পেলেও মূল টুর্নামেন্টগুলোতে স্কটল্যান্ডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এই তিনটি বড় টুর্নামেন্টের মধ্যে চলতি মাসে হাইতির বিপক্ষে জয়টি ছিল স্কটল্যান্ডের একমাত্র জয়।
ক্লার্কের পদত্যাগের পর স্কটিশ ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল তার অবদানের কথা স্মরণ করে বলেন, ‘গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় আমরা সবাই হতাশ। তবে স্টিভের সাত বছরের মেয়াদে স্কটিশ ফুটবলের যে অনস্বীকার্য অগ্রগতি হয়েছে, তা আমরা ভুলে যেতে পারি না। ২০১৯ সালে যাত্রা শুরু করে বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপ সেরা হওয়া স্কটল্যান্ডকে বড় টুর্নামেন্টে ফিরিয়ে আনার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তা তিনি শতভাগ পূরণ করেছেন।’
তিনি আরও যোগ করেন, ‘রেকর্ড গড়া অবদানের জন্য আমরা স্টিভকে ধন্যবাদ জানাই। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা যখন কেটে যাবে, স্কটিশ সমর্থকরা অবশ্যই গর্বের সঙ্গে বড় টুর্নামেন্টে বুক চিতিয়ে লড়াই করার এই স্মৃতিগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকবে।’


